গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিসোটার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং গাড়ির গ্লাস ভাঙচুর করে। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
