ধর্ম, বর্ণ, ভাষা ও জাতপাতের বিভেদ দূর করে মানবতার বন্ধন দৃঢ় করার মধ্য দিয়ে অহিংস বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।
তিনি বলেছেন, সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন মানবজাতিকে সত্যপথ দেখাতে পারে। তাঁদের দর্শন দেশ, কাল, ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র ও জাতপাতের বিভেদ দূর করে মানবতার বন্ধন দৃঢ় করতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘কবীর-লালন ভাবসংগীত উৎসবে’ এসব কথা বলেন তিনি।
লালন বিশ্বসংঘের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজিত এ উৎসবের সপ্তম আসর বসে চট্টগ্রামে। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন ওস্তাদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। এতে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
উৎসবে ‘কবীর থেকে লালন: চিরন্তন প্রেমের এক অক্ষয় বন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য পরিবেশন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।
আয়োজকদের মতে, সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত প্রায় ৫০০ বছরের আধ্যাত্মিক ও মানবতাবাদী দর্শনের ধারাবাহিকতা এ উৎসবের মূল অনুপ্রেরণা। প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িকতার চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ দূর করে শান্তিপূর্ণ বিশ্ব গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য।
The post কবীর-লালনের দর্শনে বিভেদহীন বিশ্ব গড়ার আহ্বান appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
