পাবনার ১১টি থানার চত্বরে বছরের পর বছর ধরে পড়ে আছে ২০ হাজারের বেশি জব্দ করা যানবাহন। রোদ-বৃষ্টি ও ধুলাবালুর মধ্যে অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অটোরিকশার মতো মূল্যবান সম্পদ। দীর্ঘদিন পড়ে থাকায় এসব যানবাহনের মূল্যও কমছে। অন্যদিকে, মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ায় ধীরগতির কারণে একদিকে থানার জায়গা আটকে থাকছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব।
সরেজমিনে পাবনা সদর থানায় গিয়ে দেখা যায়, থানা চত্বরে সারি সারি যানবাহন পড়ে রয়েছে। দেখে মনে হয়, এটি যেন পরিত্যক্ত যানবাহনের ভাগাড়। একই চিত্র জেলার ঈশ্বরদী, সুজানগর, বেড়া, আমিনপুর, সাঁথিয়া, আতাইকুলা, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর থানায়ও। বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা এসব যানবাহনের অনেকগুলো দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।
পাবনা কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ১১টি থানায় মামলার আলামত হিসেবে জব্দ করা ২০ হাজারের বেশি যানবাহন রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধের মামলায় জব্দ করা যানবাহনের পাশাপাশি এসবের মধ্যে রয়েছে চোরাই ও কাগজপত্রবিহীন যানবাহন।
পাবনা কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম রেজা বলেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় জব্দ করা যানবাহনগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এসব যানবাহন রাখার জন্য পর্যাপ্ত সুরক্ষিত জায়গাও নেই। ফলে থানাগুলোকে খোলা আকাশের নিচে যানবাহন রাখতে হচ্ছে।
আইনি জটিলতার কারণে অনেক যানবাহনের মালিকও সেগুলো ফেরত নিতে পারছেন না। আবার মামলা নিষ্পত্তির পরও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করতে দেরি হলে যানবাহনগুলো পড়ে থাকছে। এতে যানবাহনের বাজারমূল্য কমার পাশাপাশি থানার গুরুত্বপূর্ণ জায়গাও দখল হয়ে থাকছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় জায়গার সংকট তৈরি হচ্ছে।
দ্রুত নিলামের পরামর্শ আইনজীবীদের: পাবনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাবু বলেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে আদালতের অনুমোদন সাপেক্ষে যেসব যানবাহন নিলামে বিক্রির উপযোগী, সেগুলো বিক্রির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে সম্পদের অপচয় কমার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, জব্দ করা যানবাহন নিয়ে থানা প্রশাসন ও বিচার বিভাগকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মামলা-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি না হওয়ায় যানবাহনগুলো পড়ে থাকছে। এর মধ্যে অনেক মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার যানবাহন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিলামে বিক্রি করা গেলে ধীরে ধীরে এ জট কমানো সম্ভব। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে দ্রুত সমাধানের পথ তৈরি হতে পারে।
সব থানাকে নির্দেশ পুলিশের: পাবনার পুলিশ সুপার আলী আশরাফ বলেন, জেলার ১১টি থানাই তিনি পরিদর্শন করেছেন। প্রতিটি থানায় বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন রয়েছে। এসব যানবাহন থানা চত্বরে বিশৃঙ্খলভাবে পড়ে থাকায় জায়গার অপচয় হচ্ছে, পাশাপাশি যানবাহনগুলোও নষ্ট হচ্ছে।
তিনি বলেন, যেসব মামলার আলামত আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে, সেগুলো আদালতের নির্দেশনা ও প্রযোজ্য বিধি অনুসরণ করে নিলামে বিক্রি করা গেলে সরকার রাজস্ব পাবে। একই সঙ্গে থানার জায়গাও অন্য কাজে ব্যবহার করা সম্ভব হবে। জব্দ করা যানবাহন নিষ্পত্তির বিষয়ে জেলার সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জব্দ করা যানবাহনের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, মামলার দ্রুত নিষ্পত্তি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী নিলাম প্রক্রিয়া ত্বরান্বিত করা গেলে সরকারি সম্পদের অপচয় কমবে। একই সঙ্গে থানাগুলোর জায়গার সংকট নিরসন এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা যানবাহনের জট কমানো সম্ভব হবে।
