সান্তোসের জার্সিতে নেইমার, ফিলিপে কুতিনহো, গ্যাবিগোল—এক ছবিতে ব্রাজিলের বেশ কয়েকজন পরিচিত ফুটবলার। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যামকে ট্যাগ করেছেন নেইমার। সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক ক্যাপশন—‘ব্রাজিলের ইন্টার মায়ামি’।
ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জয়ের পর ছবিটি পোস্ট করেন নেইমার। সেখানে তার সঙ্গে দেখা গেছে রদিনেই, ফিলিপে কুতিনহো, এভারটন সেবোলিনহা, গ্যাবিগোল ও গ্যাব্রিয়েল বনতেম্পোকে। এক ছবিতে এত পরিচিত মুখের উপস্থিতিই যেন নেইমারকে ইন্টার মায়ামির সঙ্গে তুলনা করার সুযোগ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম। দলটির হয়ে খেলছেন নেইমারের সাবেক বার্সেলোনা ও পিএসজি সতীর্থ মেসি। সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের মতো তারকারাও আছেন ক্লাবটিতে। সেই তারকাবহুল দলের প্রসঙ্গ টেনেই সান্তোসের সতীর্থদের নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে গোল করেন কুতিনহো। ক্লাবটির জার্সিতে এটিই তার প্রথম গোল। সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ নেইমার পরে আরেকটি পোস্টে তাকে প্রশংসায় ভাসান। লেখেন, ‘ফুটবলের তোমাকে প্রয়োজন, জাদুকর!’
এইচজেএস
