কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবুদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত মদরিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নির্ধারণ নিয়ে শাহাবুদ্দিনের সঙ্গে অন্য এক চালকের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মঙ্গলবার বিকেল ৫টার দিকে অভিযুক্ত তিনজনকে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তিরা হলেন, সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলীর ছেলে জাকারিয়া (৩৫), ইয়াহইয়া (৩০) ও শাহারিয়া (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
