স্টাফ করেসপন্ডেন্ট
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড (পিভিজি ৯৪৪৫) বিমানে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্রের বরাতে জানা যায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ এবং সাইপ্রাস থেকে এসেছেন ছয়জন। তাদের প্রত্যাবর্তনসংক্রান্ত আনুষ্ঠানিকতা ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্ত ছিল। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান মুঠোফোনে জাস্ট নিউজকে জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাদের জীবিকা পুনর্গঠন এবং পরিবার ও সমাজে পুনরেকত্রীকরণে সহায়তার লক্ষ্যে পরবর্তী সময়ে কাউন্সেলিং, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশি একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন। তাদের মধ্যে সাইপ্রাস থেকে ২৪ জন, গ্রিস থেকে ১৫ জন এবং বুলগেরিয়া থেকে একজন ছিলেন। এ ছাড়া গত ২১ মে বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে আরও ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
