গাজীপুরে জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরায় শনাক্ত করে হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ইয়াবাসহ দুজন আটকের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে আনিছ ও শিমলা নামের দুইজন ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাদের ৫৮ পিস ইয়াবাসহ আটক করে জংশনের পাশে অবস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপরই মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।
এ ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাতেই শুভ, ছানোয়ার হোসেন হৃদয় ও ইয়াসিন নামের তিনজনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় মামলায় রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মাদকসহ দুজনকে আটক করা হয়েছিল, তাদেরও এ হামলা ও মাদকের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। ইতোমধ্যে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ আসামিদের রেলপথ পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।
