আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেই ইতিহাস গড়লেন ভারতের ২০ বছর বয়সি ক্রিকেটার নিকি প্রসাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার বল করতে নেমেই প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে নজির গড়লেন তিনি। তাঁর দুরন্ত বোলিংয়ে জিম্বাবোয়েকে ১০২/৮ রানে আটকে দিয়ে ৯ উইকেটে বড় জয় তুলে নিল ভারত। এই জয়ের ফলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতল ভারতীয় মহিলা দল।
রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে বল হাতে নেমেই নিজের জাত চেনান নিকি। ইনিংসের ১৫তম ওভারে অধিনায়ক স্মৃতি মান্ধানা তাঁর হাতে বল তুলে দেন। সেই ওভারের প্রথম বলেই চিপো মুগেরি-তিরিপানোকে আউট করেন নিকি। কাট করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগলে উইকেটের পিছনে ঋচা ঘোষের হাতে ধরা পড়েন চিপো। ৩২ বলে ৩৪ রান করে ফেরেন তিনি।
পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নিয়াশা গওয়ানজুরা। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও লাভ হয়নি জিম্বাবোয়ের ব্যাটারের। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম দুই বলেই উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন নিকি।
এই নজির গড়া বিশ্বের তৃতীয় বোলার হলেন তিনি। এর আগে পুরুষদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোভিচ এবং মহিলাদের ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষতা রাও এই কৃতিত্ব অর্জন করেছিলেন। পাশাপাশি, পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়ার নজিরও গড়লেন নিকি।
https://x.com/BCCIWomen/status/2111832939768205750
পরপর দুই উইকেট নেওয়ার পর হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তাঁর সামনে। পরের বলেই মোডেস্টার মুপাচিকওয়ার প্যাডে বল লাগলেও রিভিউ নেননি নিকি। তাঁর মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে চলে যেত। ইনিংসের বিরতিতে তিনি বলেন, “আমার মনে হয়েছিল বলটা লেগ স্টাম্পের বাইরে চলে যেত। তাই রিভিউ নষ্ট করতে চাইনি।”
দুই ওভার বল করে মাত্র সাত রান দিয়ে দু'টি উইকেট নেন নিকি। তাঁর পাশাপাশি ভারতীয় বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে বড় রান তুলতে ব্যর্থ হয় জিম্বাবোয়ে। ৮ উইকেট হারিয়ে ১০২ রানেই থামে তাদের ইনিংস।
শুধু বল হাতেই নয়, প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন নিকি। সেই ম্যাচে ভারত মাত্র ১৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই তরুণ ক্রিকেটার। ৩৫ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। অন্য প্রান্তে দীপ্তি শর্মার ৩৭ বলে ৪৯ রানের ইনিংসের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১১৫ রানের লক্ষ্য সহজেই পার করিয়ে দেন নিকি।
তাঁর এই ইনিংসের প্রশংসা করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি বলেছিলেন, নিকিকে দেখে একবারও মনে হয়নি যে সেটি তাঁর অভিষেক ম্যাচ। বরং মনে হয়েছে, দেশের হয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কঠিন পরিস্থিতিতে যে আত্মবিশ্বাস নিয়ে নিকি ব্যাট করেছেন, তা যথেষ্ট প্রশংসনীয় বলেও জানিয়েছিলেন দীপ্তি।
