কালবেলা · সাধারণ
পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত আটক
১৩/১০/২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ভাঙারি ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল ও শফিকুল নামে এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার মূল অভিযুক্ত সাদ্দামকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে জজ মিয়া ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করে বলেন, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামকে ভাঙারির দুই গাড়ি মালামাল দেওয়া হয়েছিল। এ বাবদ ১০ লাখ টাকা পাওনা ছিল। সোমবার ওই টাকা পরিশোধের কথা থাকলেও সাদ্দাম নানা টালবাহানা করছিলেন। পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তার মা মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি জানান, হামলাকারীদের হাত থেকে মাকে রক্ষা করতে তার ভাই রাসেল ও প্রতিবেশী শফিকুল এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জন জড়িত।
এদিকে আহত রাসেল ও শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল অভিযুক্ত সাদ্দামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মূল প্রতিবেদনে যান ↗