অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন অধিনায়ক ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের আগে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন ক্লোসা ও মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে দুইবার জালের দেখা পেয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন মেসি। এর মাধ্যমে চার বিশ্বকাপে ২৪ ম্যাচে করা ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলেন তিনি।
নিজের রেকর্ড হারিয়েও মেসির প্রশংসায় ভাসিয়েছেন ক্লোসা। জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন।”
বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব নুরেমবার্গের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লোসা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড ভেঙেছিলেন। এক যুগের বেশি সময় সেই কীর্তি ধরে রাখার পর এবার সেটি দখলে নিলেন মেসি।
বিশ্বকাপে এখন পর্যন্ত অন্তত ১০ গোল করেছেন মাত্র ১৬ জন ফুটবলার। তাঁদের মধ্যে এখনও খেলছেন তিনজন—মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। বয়সের বিচারে এমবাপ্পের সামনে ভবিষ্যতে এই রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে।
পরিসংখ্যান বলছে, ক্লোসা ৬৬টি শট থেকে ১৬ গোল করেছিলেন, যেখানে মেসি ১১৮টি শট নিয়ে করেছেন ১৮ গোল। গোল রূপান্তরের হার ও প্রতি গোলের জন্য সময়ের হিসেবে ক্লোসা এগিয়ে থাকলেও একটি বড় পার্থক্য রয়েছে—জার্মান তারকা খেলেছেন মূল স্ট্রাইকার হিসেবে, আর মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন একজন প্লেমেকার ও আক্রমণভাগের সৃজনশীল খেলোয়াড় হিসেবে।
