ঢাকা: ঢাকার সাভারে আরিচা মহাসড়কের পাশে চার কিলোমিটার এলাকাজুড়ে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাভার সেনানিবাসে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে আমিনবাজার এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় সেখানে একটি নিমগাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আরিচা মহাসড়কের পাশে ময়লা অপসারণ, মাটি ভরাট, প্যালিসেডিং, সারফেস ড্রেন নির্মাণ ও নেটিংসহ সবুজায়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
ঢাকার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন জেলা প্রশাসক। উদ্বোধনের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আমান উল্লাহ আমান ও দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প এলাকার পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই মাস আগে এলাকাটি যেমন ছিল, এখন তার চিত্র বদলে গেছে। চার কিলোমিটার এলাকাজুড়ে বসবাসকারী মানুষের জন্য জায়গাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি ভালো পরিবেশে শ্বাস নেওয়াও সহজ হয়েছে। যদি সদিচ্ছা থাকে, তাহলে একটি জায়গাকে কীভাবে মানুষের ভালো ও উপকারের জন্য সুন্দরভাবে পরিবর্তন করা যায়, এই জায়গাটি তার সবচেয়ে বড় প্রমাণ।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য ঢাকার জেলা প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এলাকাবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সরকার জায়গাটিকে সুন্দরভাবে গড়ে তুলেছে। এখন এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে।
তিনি বলেন, জনগণ সরকারকে সহযোগিতা করলে পরিবেশের জন্য ক্ষতিকর বিষয়গুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে। এভাবে এলাকাগুলোকে সবুজ ও সুন্দর করে গড়ে তোলা যাবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।
প্রকল্পের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ঢাকার জেলা প্রশাসককে নির্দেশনা দেন, চার কিলোমিটার এলাকার পরও জেলা প্রশাসনের আওতাধীন সড়কের দুই পাশে যেসব মিল ও কারখানা রয়েছে, সেগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করতে। জায়গাগুলো ভাগ করে সংশ্লিষ্ট মালিকদের পরিচর্যার দায়িত্ব দেওয়া যায় কি না, তা বিবেচনার পরামর্শ দেন তিনি।
এ ছাড়া সামনের যেসব এলাকায় এখনো ময়লা জমে আছে, সেগুলোও সংশ্লিষ্টদের সহযোগিতায় উন্নয়ন ও সবুজায়নের আওতায় আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
