দিব্যা ভিনেকরছবি: সংগৃহীত
Published on
:
1 min read
প্রয়াত অভিনেত্রী দিব্যা ভিনেকর। আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত ‘ডার্লিংস’ ছবিতে মহিলা পুলিশ কনস্টেবলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেত্রীর প্রয়াণের খবর জানান তাঁর বন্ধু ও সহকর্মী, রেডিয়ো জকি রোহিণী রামনাথন।
দিব্যার মৃত্যুসংবাদ জানাতে গিয়ে রোহিণী লেখেন, অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে তিনি এই খবর জানাচ্ছেন। তাঁর প্রিয় ‘ডিভি’ আর তাঁদের মধ্যে নেই। দিব্যার পরিবার এবং যাঁদের জীবনে তাঁর ভালোবাসা ও আন্তরিকতা ছাপ ফেলেছিল, তাঁরা প্রত্যেকেই এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন।
একই সঙ্গে অযথা খোঁজখবর না নেওয়ার অনুরোধ করেছেন রোহিণী। এই মুহূর্তে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোই যে সবচেয়ে জরুরি, সেই বার্তাই দিয়েছেন তিনি।
দিব্যা ভিনেকরকে অনেক দর্শক চিনেছেন ২০২২ সালের ছবি ‘ডার্লিংস’-এর সূত্রে। জসমিত কে রিন পরিচালিত এই ডার্ক কমেডি-ড্রামায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ। ছবিতে একজন মহিলা পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যা।
এ ছাড়াও বিদ্যা বালান অভিনীত ‘জলসা’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার এবং কবি হিসেবেও কাজ করেছেন দিব্যা। অভিনয়ে আসার আগে প্রায় এক দশক ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে মূলধারার অভিনয় জগতে পা রাখেন। কর্মজীবনের বিস্তার ছিল একাধিক ক্ষেত্রে। রেডিয়ো থেকে ডিজিটাল মাধ্যম, লেখালেখি থেকে অভিনয়—বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
