শাহজালাল জামেয়ায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
সমাজসেবী, শিক্ষানুরাগী ও দি সিলেট ইসলামিক সোসাইটির সদস্য মো. ফখরুল ইসলাম বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প নেই। নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষকদের পাঠদান আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক ও প্রশিক্ষক আলী হোসেন। আলোচনা রাখেন জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
কর্মশালায় শতাধিক শিক্ষক অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদান পদ্ধতির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কর্মশালার অংশ হিসেবে আরবি ও ইংরেজি বিষয়ে বিভিন্ন গ্রুপে শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি পাঠদান কৌশল ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। সময়োপযোগী প্রশিক্ষণ শিক্ষকদের নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে, যা শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করে তুলবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে শিক্ষকদের নিজেদের যোগ্যতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি
