এদিকে, একই দিন রাতে কুলাউড়া-বড়লেখা মহাসড়কে গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তসলিম উদ্দীন (৪৩) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর সঙ্গে থাকা মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শারদীয় দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসব চলাকালে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতারা। তাঁরা উৎসবের পরিবেশ নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
কুলাউড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান চন্দ্র দেব বলেন, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। বিষয়গুলো কুলাউড়া থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ধরনের ঘটনা আবার ঘটলে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি। কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিত্র বলেন, তাঁরা ঘটনাগুলোর বিষয়ে জেনেছেন এবং প্রশাসনকে অবহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তাঁরা কঠোর অবস্থান নেবেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুটি ঘটনা সম্পর্কেই পুলিশ অবগত রয়েছে। চাঁদাবাজির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাগুলো সত্য এবং পুলিশ এ বিষয়ে কাজ করছে।
স্থানীয়দের দাবি, দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসবের সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত ও উৎসব উদ্যাপন করতে পারেন।
The post কুলাউড়ায় দুর্গাপূজার মধ্যে চাঁদাবাজি ও মহাসড়কে ডাকাতির অভিযোগ appeared first on ভোরের চেতনা.
