ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক মানুষ। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৪ জন। সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সোমবার সকালে শাবওয়া প্রদেশের আল আলম সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাটি চালানো হয়। ওই সময় সেখানে নতুন নিয়োগ পাওয়া সেনাসদস্যদের নিয়মিত প্রশিক্ষণ চলছিল। হুথিরা পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। প্রাথমিকভাবে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মৃত্যু বেড়ে ৫৩ এবং সর্বশেষ ৫৮ জনে পৌঁছায়।
ইয়েমেনের প্রেসিডেন্সি নেতৃত্ব পরিষদের প্রধান রাশেদ আল-আলিমি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিহত সেনাসদস্যরা সবাই নতুন নিয়োগপ্রাপ্ত ছিলেন। এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ওই প্রশিক্ষণকেন্দ্র মূলত সৌদি বাহিনী পরিচালনা করত। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।