অভিজিত দিপকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলিশ জানিয়েছে, সিজেপি নেতা অভিজিত দিপকেকে তার ঝান্ডেওয়ালানের বাসভবন থেকে আটক করা হয়; সেই সময় তিনি কনট প্লেসে দলের প্রস্তাবিত ‘তেরঙা ওড়াও’ বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন। জাতীয় রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই আটকের ঘটনা ঘটেছে। পুলিশের হিসাব অনুযায়ী, দিল্লির কনট প্লেস ও তার আশপাশের এলাকায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন।
সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টির অভিজিত দিপকে। তবে বৃহস্পতিবার দিল্লি পুলিশ বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস চত্বরে চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
