প্রকাশিত: ১৩:৪৪, ১২ অক্টোবর ২০২৬
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
দিল্লির কনট প্লেস, যন্তর মন্তর ও সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ও ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লিতে তুমুল রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ চলছে। তারই মধ্যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট আজ সোমবার সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিছিল ও প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। বিক্ষোভের কারণে দিল্লির ৬টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১২ মার্চ) সংসদ মার্গ থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের পক্ষ থেকে নির্ধারিত বিক্ষোভ মিছিল দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে দুপুর বারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। যদিও প্রতিবাদ মিছিল শেষে বিরোধী জোটের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার আবেদন সুপ্রিম কোর্ট কর্তৃক খারিজ করে দেওয়া হয়েছে।
ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা (রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে) প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সাক্ষাতের সময় চেয়েছিল। তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বিচারাধীন থাকায় এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা অনুচিত হবে, ফলে সেই আবেদন খারিজ করা হয়েছে।
যদিও রাহুল গান্ধী ও অন্যান্য ইন্ডিয়া জোটের নেতারা সরকারের দমনপীড়নের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্টমুখী প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে তিনি দেশবাসীকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান এবং একে ‘গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই’ হিসেবে অভিহিত করেন।
ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সেন্ট্রাল দিল্লি এবং সুপ্রিম কোর্ট চত্বরে ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কনট প্লেস, যন্তর মন্তর এবং সুপ্রিম কোর্ট চত্বরে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তার কারণে কিছু নির্বাচিত মেট্রো স্টেশনের গেট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে রবিবার (১১ অক্টোবর) মুক্তি পাওয়ার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা আজ দিল্লি পুলিশের সঙ্গে দেখা করে যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য নতুন তারিখ বা অনুমতির আবেদন করতে চলেছেন।
রাজনৈতিক এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
