আজকাল ওয়েবডেস্ক: হংকং সিক্সেস ২০২৬ প্রতিযোগিতায় ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ক্রুনাল পান্ডিয়া। জাতীয় দলে ডাক পাওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন গুজরাট টাইটান্সের পেসার কুলবন্ত খেজরোলিয়া। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।
সাত সদস্যের ভারতীয় দলে ক্রুনাল ও কুলবন্ত ছাড়াও রয়েছেন শশাঙ্ক সিং, রাহুল তেওয়াটিয়া, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী এবং টি নটরাজন। সিক্স-এ-সাইড ক্রিকেটের এই প্রতিযোগিতায় অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে চাইবে ভারত।
চার বছর পর জাতীয় দলে ফিরতে চলেছেন ভুবনেশ্বর। নিউজিল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের জন্য তাঁকে দলে ডাকা হয়েছে। অর্শদীপ সিংয়ের চোটের আশঙ্কায় ভুবনেশ্বরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার হায়দরাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বোলিং করার সময় কাঁধে আঘাত পান অর্শদীপ।
নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করছিলেন ভুবনেশ্বর। সেখানেই জাতীয় দলে ফেরার খবর পান তিনি। ভারতের হয়ে শেষবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বর মাসে। ফলে দীর্ঘ বিরতির পর ফের দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেতে চলেছেন এই অভিজ্ঞ পেসার।
ভুবনেশ্বরের সরে দাঁড়ানো নিয়ে ক্রিকেট হংকং, চায়নার বাণিজ্যিক ও বিপণন বিভাগের ডিরেক্টর অনুরাগ ভাটনগর বলেন, ভুবনেশ্বরকে হংকং সিক্সেসে না পাওয়া নিঃসন্দেহে হতাশার। তবে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনে তাঁরা আনন্দিত। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ভুবনেশ্বরকে শুভেচ্ছা জানান তিনি এবং ভবিষ্যতে তাঁকে আবার হংকং সিক্সেসে দেখার আশাও প্রকাশ করেন।
এদিকে, আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্রুনাল পান্ডিয়ার। ১৬টি ম্যাচে ২২৬ রান করার পাশাপাশি ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার হংকং সিক্সেসে অধিনায়ক হিসেবে তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।
