সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে স্কিমভেদে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। অর্জিত মুনাফা গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাবে যুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমগুলোর আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং অর্থ জমা রাখার সময়কাল বিবেচনায় নিয়ে অর্জিত মুনাফা তাঁদের নিজ নিজ পেনশন হিসাব বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, মুনাফা বণ্টনের ফলে স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং এ কার্যক্রম আরও গতিশীল হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে অর্জিত মুনাফার হিসাব ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকেরা তাঁদের নিজ নিজ হিসাবে নির্ধারিত মুনাফার পরিমাণ দেখতে পারবেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়া গ্রাহকদের জমার পরিমাণ ও বিনিয়োগের সময়কাল অনুযায়ী অর্জিত মুনাফা তাঁদের পেনশন তহবিলে যুক্ত হয়েছে।
The post সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর! appeared first on ভোরের চেতনা.
