প্রকাশিত: ১২:০০, ১৪ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
আটক গোলাম রসুল
খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নিহত নেতা গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়ে তার বড় ভাই গোলাম রসুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সেখান থেকে ১৫৪ রাউন্ড গুলি ও চাকু জব্ধ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের ২১২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে গোলাম রসুলের শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে গুলি ও চাকু জব্দ করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল ডিবি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক গোলাম রসুল বাদশা কক্সবাজারে গুলিতে নিহত গোলাম রব্বানী টিপুর বড় ভাই। তিনি একটি পত্রিকার খুলনা প্রতিনিধি এবং শিক্ষকতা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, আটকের পর গোলাম রসুল বাদশা জানান, তার অস্ত্রের লাইসেন্স আছে, কিন্তু গুলির কোনো কাগজ দেখাতে পারেননি। গুলি টিপুর রেখে যাওয়া এমনটিও দাবি করেন গোলাম রসুল।গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি-গালের সামনের ফুটপাতের কাছে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার ভগ্নিপতি ইউনুস আলী শেখ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
