The Sangbad · সাধারণ
নিজের খেতে কীটনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু
২২/১০/২০২৬

বাগেরহাটের শরণখোলায় ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের ধানখেতের ইঁদুর মারার জন্য খেতের আইলে অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে ওই খেতের পাশ দিয়ে নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন মিজান হাওলাদার। নিজ খেতে প্রবেশের সময় পাশের খেতের আইলে পেতে রাখা সেই বৈদু্যতিক ফাঁদের তারে ভুলবশত জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে বিকেলে স্থানীয় লোকজন খেতের মধ্যে মিজান হাওলাদারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗