ফাইনালে যেতে আফগানদের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারের পর ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ফাইনালে উঠতে পূরণ করতে হবে কঠিন রানরেটের সমীকরণ।
খেলা
ক্রীড় ডেস্কজিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর ত্রিদেশীয় সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই। আগে ব্যাট করলে অন্তত ৪১ রানে জিততে হবে বাংলাদেশকে।
আর আগে ব্যাট করার সুযোগ না পেলে আরও কঠিন হয়ে যাবে পথ। সেক্ষেত্রে আফগানদের ২০০ রানে আটকে রাখতে পারলে সেটি তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। এ ছাড়া লক্ষ্য যত বড় হবে, ততই সংকীর্ণ হবে বাংলাদেশের সুযোগ।
আগে ব্যাটিং হোক বা পরে, প্রথম ম্যাচের ব্যাটিং-বোলিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প নেই বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে দারুণ বোলিং করলেও মাঝের ওভারে ও শেষ দিকে গড়বড় হয়ে যায় সব।
পরে রান তাড়ায়ও তানজিদ হাসানের ব্যাটে মেলে উড়ন্ত শুরু। কিন্তু পরে মিডল-অর্ডারের কেউই আর দায়িত্ব নিতে পারেননি।
আফগানিস্তানের বিপক্ষে এসব শুধরে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ উৎরে গেলেই মিলবে ফাইনালের টিকিট।
বাংলাদেশ জার্নাল/এনএম