ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের মধ্যে এক দম্পতির মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চারপাশে আগুন জ্বললেও প্যারিসের একটি দোকানের বাইরের টেবিলে বসে ওই দম্পতিকে নির্বিকারভাবে গল্প করতে ও ধূমপান করতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক স্থাপনা আর্ক দ্য ত্রিয়োম্ফের কাছাকাছি একটি দোকানের বাইরে বসে সময় কাটাচ্ছেন ওই দম্পতি। তাদের ঠিক পেছনেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে আশপাশের ভয়াবহ পরিস্থিতি তাদের মধ্যে দৃশ্যত কোনো উদ্বেগ তৈরি করেনি।
এদিকে প্যারিসে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন একটি রাস্তা দিয়ে এক নারী দৌড়ে যাচ্ছেন। এ সময় রাস্তায় জ্বলন্ত ই-বাইকের স্তূপ ও বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয়েছে ৮৫৫ জনকে।
বিক্ষোভের একপর্যায়ে সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বিলাসবহুল দোকানপাটেও লুটপাটের ঘটনা ঘটে। রোববার(১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা জানান। তিনি এ পরিস্থিতির জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোকে দায়ী করেন।
তবে সোমবার(১৯ অক্টোবর) তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ায় সমালোচনার মুখে পড়েন ম্যাক্রোঁ। সমালোচকদের কেউ কেউ তাকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ ও ‘অহংকারী’ বলে আখ্যা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করেন।
ক্রমবর্ধমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট
