সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গত সোমবার ( ১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়াইশ মলিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চাচা হলেন, আহমদ হোসেন প্রকাশ বুইল্যা (৪০)। তিনি উল্লিখিত এলাকার মৃত নুরুল ইসলাম প্রকাশ গুন্ডার ছেলে।
বর্তমানে তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ভাতিজার নাম আকিব হোসেন আঁকি (২৫)। সে ফরিদ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, বড় ভাই ফরিদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পৈত্রিক ভিটে নিয়ে আহত আহমদ হোসেন প্রকাশ বুইল্যার সাথে বিরোধ চলে আসছিল।
এদিকে, বিগত এক সপ্তাহ আগে আকিবের বড় ভাই মাদকাসক্ত আতিক এলাকার কয়েকজনের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সার্ভিসের তার চুরি করে। বিষয়টি এলাকার বিভিন্ন স্পটে স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এ নিয়ে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ফরিদের বড় ছেলে আতিককে আটক করার জন্য তার বাড়িতে যায়। এসময় আহত আহমদ হোসেন প্রকাশ বুইল্যা এলাকাবাসীর পক্ষে কথা বলেন। এ কারণে ফরিদ এবং তার মাদকাসক্ত ছেলে আকিব ক্ষিপ্ত হন।
বিষয়টি মাথায় রেখে পূর্বের ভিটে বাড়ির বিরোধকে সামনে এনে বুইল্যার বসত ঘর ভেঙ্গে দেন ফরিদ ও ছেলে আকিব। আহমদ হোসেন ও তার পরিবার প্রতিবাদ করলে ফরিদের মাদকাসক্ত ছেলে আকিব চাচার পেটে ছুরিঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করেন। পরে এলাকাবাসী ফরিদ হোসেন এবং তার ছেলে ঘাতক আকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর জানান, ফরিদের দুই ছেলেই মাদকাসক্ত। এলাকার যত অপকর্ম আছে সবকিছুতে তারা জড়িত। প্রতিরাতেই এখানে বৈদ্যুতিক তারসহ ধরনের চুরি সংঘটিত হচ্ছে, সবগুলোতে তারা দুই ভাই জড়িত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, চাচাকে ছুরিঘাত করার অপরাধে আকিব এবং তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।