যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একটি শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার রিডসবার্গ শহরের কাছের একটি ঘন বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সাউক জেলা শেরিফের..............
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একটি শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার রিডসবার্গ শহরের কাছের একটি ঘন বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর জানিয়েছে, তল্লাশি চালিয়ে ঘন বনাঞ্চল থেকে বিমানের ছয় আরোহীর সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্যমতে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল ‘পাইপার পিএ-৪৬’ মডেলের। এটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনি শহরের দিকে যাচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট উড়োজাহাজে বরফ জমার (আইসিং) কথা জানিয়ে নিচে নামার (ডিসেন্ড) অনুমতি চান।
এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অনুমতি দিলে বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচের দিকে নামতে শুরু করে। একপর্যায়ে নিচে নামার গতি তীব্র হয় এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে ডেটা ট্র্যাকিং ও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পেছনে বিরূপ আবহাওয়া বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনটিএসবির তদন্তকারীরা পারিপার্শ্বিক পরিস্থিতি উদ্ঘাটনে ঘটনাস্থলে রওনা হয়েছেন এবং আগামী ৩০ দিনের মধ্যে সংস্থাটির পক্ষ থেকে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ