নতুন সিনেমার খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী পূজা চেরী। নিয়মিত ছবি প্রকাশের পাশাপাশি নানা বার্তা দিয়ে ভক্তদের নজর কাড়ছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ফেসবুকে নীল কুর্তি ও সাদা প্যান্ট পরা একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। রাতের আলোয় তোলা ছবিগুলোর সঙ্গে একাকিত্ব ও নিজের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন এই অভিনেত্রী।
পোস্টে পূজা লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা।’ এরপর তিনি বলেন, পরিচিত মানুষের সংখ্যা কমে গেলে কিংবা চারপাশের ভিড় হঠাৎ ফাঁকা হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি নিজের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ হতে পারে।
পূজার এই পোস্টে ভক্তরা নানা ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকেই তাঁর সাজ ও ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন ছবি প্রকাশের অনুরোধও জানিয়েছেন।
পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য আরও আগে সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী। এ সময়ে তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন নিয়েও বিনোদন অঙ্গনে আলোচনা হয়েছে।
