পূর্ব শত্রুতা কিংবা তুচ্ছ ঘটনার জেরে কুপিয়ে হত্যা করা হচ্ছে প্রতিপক্ষকে। শিশু-যুবক-বৃদ্ধ-নারীসহ প্রায় সব শ্রেণির মানুষই শিকার হচ্ছেন এই অপমৃত্যুর। ভোলায় গাছ লাগানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লায় বাঁশঝাড়ে বৃদ্ধের গলাকাটা লাশ এবং লক্ষ্মীপুরে কিল-ঘুষি মেরে বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে। নাটোরে ডোবা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ এবং চট্টগ্রামে শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ৯ দিন পর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাটানো খবর-
ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে।
ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারসংলগ্ন একটি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে গতকাল শনিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতেন।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মারুফ তালুকদার নামে এক যুবক নিজ বাড়িতে ডেকে নিয়ে আকরামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত আকরাম হোসেন কোনাগাঁতী গয়হাট্টা গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
বরুড়া (কুমিল্লা) : কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির বাসিন্দা।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই লাশ পাওয়া। মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মুনসুর আলীর মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাকপ্রাপ্তা হওয়ার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে কিল-ঘুষি মেরে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে মাহফুজ নামে এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে ইদ্রিস মেম্বারের দোকানের সামনে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ফজলে আলীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ফজলে আলী ?চর কাদিরা ইউনিয়নেত ৬ নম্বর ওয়ার্ডের হাজারীর বাড়ির বাসিন্দা।
পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ৯ দিন পর মারা যান সিফাতুন আকতার নুর (২২) নামে ওই গৃহবধূ। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকালে ওই নারীর মৃত্যু ঘটে।
