Published on
:
1 min read
পুজোর মরশুমে বাড়তি রোজগারের আশায় সিকিয়োরিটি গার্ডের কাজে কলকাতায় গিয়েছিলেন গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের ভগবানপুরের বাসিন্দা রাজেশ পাল। সূত্রের খবর, চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, তাদের ছেলে নির্দোষ। প্রতি বছরই দুর্গাপুজোর সময় সিকিয়োরিটি গার্ডের কাজ করতে কলকাতায় যান রাজেশ। কিন্তু এ বারের পরিস্থিতি এ ভাবে বদলে যাবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি রাজেশের পরিবার। দিনমজুরের ছেলে তিনি। সংসারের অভাব মেটাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে দুর্গাপুজোর সময়ে সিকিয়োরিটি গার্ডের কাজ করতে কলকাতায় যান। কিন্তু চোরবাগানের দুর্ঘটনায় রাজেশের গ্রেপ্তার হওয়ার খবর গ্রামে পৌঁছতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে পরিবারের সদস্যদের মধ্যে।
পরিবারের অভিযোগ, পুলিশি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও একজন সিকিয়োরিটি গার্ডকে কেন গ্রেপ্তার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজেশের পরিবার। পরিবারের আর্জি, ছেলেকে যেন দ্রুত বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের দাবি, রাজেশের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক। আইন মেনেই গোটা বিষয়টির বিচার করা হোক।
রাজেশের বাবা জিতেন পাল বলেন, ‘ছেলেকে ফোন করেছিলাম। ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সুইচ অফ বলছিল। পরে আরও যাঁরা গিয়েছিল কাজে, তাঁদের কাছ থেকে জানতে পারি এই ঘটনা। পুলিশ প্রশাসন থাকতে আমার ছেলেকে কেন গ্রেপ্তার করা হলো? সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলে যেন ভালো ভাবে ঘরে ফিরে আসে। কিছু রোজগারের জন্য প্রত্যেক বছরই গার্ডের কাজে যায়।’
ছেলের গ্রেপ্তারির খবর পাওয়ার পর থেকেই কেঁদে চলেছেন রাজেশের মা শিবানী পান। তিনি বলেন, ‘আমি ছেলের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছি না। রাত দেড়টার সময়ে ছেলে বাবার মোবাইলে ছবি পাঠিয়েছিল। ছেলেকে থানায় ধরে নিয়ে গিয়েছে, সেটা আমরা জানতাম না। পরে জানতে পেরেছি। রবিবার বাড়ি থেকে বেরিয়ে ছিল।’
