জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দুই উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের দীর্ঘদিনের দুঃখ ও দুর্ভোগ লাঘবে যমুনা শাখা নদীর উপর নির্মাণ করা হচ্ছে ২৭৮ মিটার ব্রিজ।
১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা চর সরিষাবাড়ীতে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে সরিষাবাড়ী উপজেলাধীন আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১৫২০ মিটার চেইনেজে যমুনার শাখা নদীর উপর ৪০ কোটি ৩৩ লক্ষ ১২ হাজার ৮৫২ টাকা ব্যয়ে ২৭৮.৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ পায় জামালপুরের চৌধুরী এন্টারপ্রাইজ।
স্থানীয় বাসিন্দারা জানান, যমুনা শাখা নদীর ওপর কোনো সেতু না থাকায় দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলা ও পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের জন্য নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। খেয়া নৌকা বা শুষ্ক মৌসুমে হেঁটে নদী পার হতে হতো। নতুন এই ব্রিজটি নির্মিত হলে দুই উপজেলার মধ্যে সুদৃঢ় সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ গড়ে উঠবে এবং তাদের বহু বছরের কষ্টের অবসান ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষদের যাতায়াতে পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। এই ব্রিজটি নির্মিত হলে দুই উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার ওপর জোর দেন।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, এলজিইডির প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সাতপোয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন মেম্বার, যুবদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, কৃষকদলের সভাপতি জুরান সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এটিভি/ এইচকে
