সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা প্রবাসীদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। তাদের পরিচয় ও মামলার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগের কথা জানানো হয়েছে। বার্তা অনুযায়ী, সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি বলে জানান শামা ওবায়েদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
