বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তু ও সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিবি- ২ এর ২৪ ঘণ্টায় জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. বাহাদুর আকন্দ (৪৬) ও মো. এশরাদ আলী (৩৯)। তাঁদের দুজনের বাড়ি ইসলামপুর উপজেলায়।
অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে ফরহাদ হোসেনের ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের একটি কক্ষ থেকে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের বস্তুসহ আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সাইদুল ইসলাম (৪১), ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২), ফেলু মিয়া (৩১), আমজাদ হোসেন (৭০), জোয়াহের (৫৩), সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)। তাদের মধ্যে প্রথম চারজনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায়। অপর চারজনের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও গোপালপুর উপজেলায়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা কষ্টিপাথর চোরাকারবারের সাথে জড়িত একটি চক্রের সদস্য।
এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার নতুন বাট্টাজোড় বাজারে সাত্তার নামের এক ব্যক্তির ভাঙারির দোকানের সামনে পাকা সড়ক থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামের একজনকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার বাসিন্দা।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর দুটি দল পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ সজিব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।
The post জামালপুরে গাঁজা-কষ্টিপাথর সদৃশ বস্তু ও ভারতীয় মদসহ আটক ১১ appeared first on sokalerkhobor24.com.
