হাইতির ‘জিএসএফে’ যোগ দিচ্ছে সেনাবাহিনীর পাঁচ কন্টিনজেন্ট, ঢাকা ছাড়ল অগ্রবর্তী দলের ৫০ সদস্য
ছবি: সংগৃহীত
-->মিশন গুটিয়ে নেওয়া বা ফিরে আসা নয়, বরং জাতিসংঘের অনুমোদনে এবার হাইতিতে ‘গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ)’ যোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য হাইতির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত জিএসএফে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫০ জনের অগ্রবর্তী দল হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে। বাকি অন্যরাও পর্যায়ক্রমে হাইতি যাবেন।
আরও পড়ুন
সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান অগ্রবর্তী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনী আরও জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাইতিতে ওই কন্টিনজেন্ট মোতায়েন। শান্তির প্রত্যয়ে, পেশাদারত্বে ও অদম্য সাহসে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্বে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর আমেরিকার দেশ হাইতিতে ‘জিএসএফ’ মিশনে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তথা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আরেকটি সম্ভাবনা দুয়াল খুলল। সাম্প্রতিক সময়ে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে বিভিন্ন দেশের শান্তিরক্ষী মোতায়েন (ফোর্স ডেপ্লয়মেন্ট) কমানো, কন্টিনজেন্ট গুটিয়ে নেওয়া বা ফিরে আসার মতো খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ বা প্রচার হচ্ছে, সেখানে হাইতি মিশনটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে গর্বের জায়গা তৈরি করবে।
আলমগীর হোসেন/এসএন
