আন্তর্জাতিক ডেস্ক
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত ও ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কোরদোবা শহরের আদামুজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ–হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। প্রথম ট্রেনটিতে প্রায় ৩০০ এবং অপর ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন।
আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানায়, ট্রেনের প্যাঁচানো ধ্বংসাবশেষের কারণে উদ্ধার কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও রাজা ফেলিপে ষষ্ঠ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারাও শোক ও সমবেদনা জানিয়েছেন।
