ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় বড় ধরনের বিপত্তির মুখে পড়েন পাইলট। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঢাকায় অবতরণের পর তাঁকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে পাইলট ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল এবং অঞ্জনা ভৌমিকের মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
The post মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু appeared first on ভোরের চেতনা.
