মেলায় ওভেন ও নিট ফেব্রিকস, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও ডিজাইনারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’। দেশটির স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) শুরু হওয়া এ মেলায় বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। শুক্রবার পর্যন্ত চলবে এ আয়োজন।
বার্সেলোনার প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইকে আয়োজিত এ মেলায় বাংলাদেশ ছাড়াও স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ ১২টি দেশের ৩০০টির বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে।
বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, রফতানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্পেনের বাজারে বাংলাদেশের রফতানি বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জার্মানিকে ছাড়িয়ে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার প্রতিফলন।
মাসুদুর রহমান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করতে কাজ করছে সরকার। বাংলাদেশের রফতানি বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেন।
মেলায় ওভেন ও নিট ফেব্রিকস, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও ডিজাইনারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেলায় বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের আগ্রহ তৈরি করেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেলায় বিশ্বখ্যাত 'পেক্লার্স প্যারিস'-এর পরিচালনায় 'এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স' শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হচ্ছে ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লি., সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা এ্যাটায়ার কম্পোজিট, গেট ওয়ার্ল্ড এ্যাটায়ার ট্রিমস।
