নড়াইল প্রতিনিধি।।
ঘরে স্ত্রীর মরদেহ রেখে শোকে পাথর স্বামী গিয়েছিলেন মসজিদে ফজরের নামাজ পড়তে। সেখানেই ঘটেছে বিয়োগাত্মক ঘটনা। মসজিদে নামাজরত অবস্থায় ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টার মাথায় রোববার (১১ অক্টোবর) ফজরের সময় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রোমান মোল্যা মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
সোমবার (১২ অক্টোবর) নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তিনি বাড়িতেই মারা যান। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর একসঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।
তাদের ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব।
