শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ‘দীন প্রতিষ্ঠায় সংগ্রাম অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার রুদ্রকর এলাকায় এই সভার আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. বায়েজিদ মালতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সরদার, গোসাইরহাট থানা সভাপতি মো. শাহাদাত হোসেন এবং ডামুড্যা থানা সভাপতি মো. মোক্তার হোসেন সরদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে চলমান পরিস্থিতিতে হেযবুত তওহীদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর ওপর একের পর এক আঘাত আসছে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশও ঝুঁকির বাইরে নয়। এ অবস্থায় তওহীদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান অনুসরণ করা জরুরি।"
তিনি আরও বলেন, "বিশ্বজুড়ে অন্যায়, অবিচার ও অশান্তির মূল কারণ হলো ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশীলন থাকলেও রাষ্ট্র ও সামষ্টিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বস্তরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে এবং তওহীদের ওপর ঐক্যবদ্ধ হয়ে নিরলস সংগ্রাম করতে হবে।"
আলোচনা সভায় শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
