বলিউড অভিনেতা সালমান খানের বেডরুমে অদ্ভুত কিছু ঘটত বলে জানিয়েছেন তিনি নিজেই। ঘরে কখনো আলো জ্বলে উঠত, কখনো আলমারির দরজা খুলে যেত। এমনকি নিজে থেকেই চালু হয়ে যেত মিউজিক সিস্টেম। এসব ঘটনার কারণে ঘরে একা থাকতেন না অভিনেতা। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে নিজের এমন অভিজ্ঞতার কথা জানান সালমান।
সালমান জানান, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বেডরুমে তিনি এক অদৃশ্য উপস্থিতি অনুভব করতেন। তবে বিষয়টিকে তিনি ভৌতিক বা ভয়ের কিছু বলে মনে করেননি। বরং নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রসিকতাও করেন অভিনেতা।
সালমান মজা করে বলেন, ওই উপস্থিতি যদি কোনো সুন্দরী নারীর হয়ে থাকে, তাহলে তিনি যেন সামনে এসে নিজেকে প্রকাশ করেন। তার কথায়, ঘরে এমন কিছু ঘটলেও তিনি আতঙ্কিত হননি।
অনুষ্ঠানে সালমানের সঙ্গে নিজের একটি পুরোনো অভিজ্ঞতার কথাও স্মরণ করেন করণ জোহর। তিনি জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে সালমানের কাছে গিয়েছিলেন তিনি। তখন সিনেমার কেবল প্রথমার্ধের গল্প শুনিয়েছিলেন করণ। এতটুকু শুনেই রাজি হয়ে যান সালমান। মজা করে সিনেমার দ্বিতীয়ার্ধ নিয়ে মন্তব্যও করেছিলেন, যদিও তখনো পুরো গল্প শোনা হয়নি তার।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির সঙ্গে অভিনয় করেন সালমান। সিনেমাটিতে কাজলের চরিত্রের বাগ্দত্তা আমানের ভূমিকায় দেখা যায় তাকে। সালমানের ভাষ্য অনুযায়ী, এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব এর আগে সাইফ আলী খান ও চন্দ্রচূড় সিং ফিরিয়ে দিয়েছিলেন।
এদিকে সালমানের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি’ সিনেমায় চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে দেখা যাবে তাকে। সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এ ছাড়া দিল রাজুর প্রযোজনায়, বংশী পৈডিপল্লির পরিচালনায় ‘মনস্টার’ নামের আরেকটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে সালমানের। এতে তার সহশিল্পী হিসেবে থাকার কথা নয়নতারা। প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
/অ
