গ্লেন ফিলিপ্সের দুরন্ত ব্যাটিংয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের নজির গড়েছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে কিউয়িরা। জবাবে ঝোড়ো শুরু করলেন সঞ্জু স্যামসন। তাঁর চওড়া ব্যাট জয়ের ভিত গড়ে দিল। অধিনায়কোচিত ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হলেন নমন ধীর। সব মিলিয়ে কিউয়ি ভূমে বোলারদের ‘ব্যর্থতা’ ঢেকে ২ বল বাকি থাকতে জয় পেল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’।
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দিন কয়েক প্রস্তুতির সুযোগ পেয়েছে টিম ইন্ডিয়া। তবে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ভারতীয় দলের পারফরম্যান্স সত্যিই প্রশংসাযোগ্য। টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে কোনও বদল আসেনি। অভিষেক শর্মা এবং সুঞ্জু স্যামসন গোড়ায় নামেন। তবে ক্রাইস্টচার্চে সবার নজর ছিল ভুবনেশ্বর কুমারের দিকে। চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। অনেকেই মনে করছেন এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় পেসারের কাছে। কিন্তু কোথায় কী? প্রথম ওভারে আঁটসাঁট বোলিং করলেও তাঁকে পড়তে বেশি সময় নিলেন না কিউয়ি ব্যাটাররা। সব মিলিয়ে কোটার চার ওভারে দিলেন ৪৯ রান।
নিউজিল্যান্ডের ইনিংসের প্রধান কারিগর ফিলিপ্স। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪৮ বলে ৮২ রানে অপরাজিত থাকলেন তিনি। ইনিংসের শেষ বলেও স্যুইচ হিটে চার মেরে নিজের দক্ষতার পরিচয় দিলেন কিউয়ি তারকা। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ফিন অ্যালেন (৪৫), বেভন জ্যাকবস (৩১) এবং ড্যারিল মিচেল (২৮)। ভারতের হয়ে আর্শদীপ সিং, ময়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
