গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত এক অবহিতকরণ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. কে এম বাবর বলেন, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহে নির্ভুলতা নিশ্চিত করা জরুরি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোরাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতান।
এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
