মানুষ মাত্রই এক চিরন্তন যাযাবর। আমাদের জীবনের ব্যস্ততম দিনগুলোর একঘেয়েমি যখন দূর করতে মন চায়, তখনই জন্ম নেয় ভ্রমণের তীব্র আকুলতা। কখনো পাহাড়ের চূড়ায় কুয়াশার চাদর জড়িয়ে দাঁড়িয়ে থাকা, কখনো সুবিশাল সমুদ্রের তীরে বসে ঢেউয়ের অবিরাম গর্জন শোনা, কিংবা হঠাৎ খুঁজে পাওয়া কোনো নির্জন বনপথের সুবাস—প্রতিটি ভ্রমণই আমাদের শেখায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার নিঃশব্দ ভাষা। পথ যেখানে শেষ হয়, সেখান থেকেই যেন শুরু হয় এক নতুন পৃথিবীর রূপকথা।
তবে ভ্রমণের পরিকল্পনা করার সময় সহজ এক অজুহাত দাঁড়ায়—‘সামনের মাসে যাব’, ‘আগামী বছর ভাববো’, ‘ঘরের নতুন রান্নাঘরের কাজটা শেষ হোক, তারপর’ কিন্তু শেষ পর্যন্ত হয়তো কখনোই আর যাওয়া হয়ে ওঠে না।
২০২৭ সালের জন্য নিজেদের সেরা ২৫টি ভ্রমণযোগ্য গন্তব্যের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। জায়গাগুলো নিয়ে তৈরি এই তালিকাটি সাম্প্রতিক সময়ে তাদের অন্যতম সময়োপযোগী ও অভিজ্ঞতাভিত্তিক একটি অনন্য সংকলন।

তালিকাটিতে যেমন রয়েছে একদম নতুন সব উন্মোচন—যেমন চিলির ‘কেপ ফ্রোওয়ার্ড ন্যাশনাল পার্ক’; তেমনই রয়েছে ঐতিহাসিক স্মরণীয় মাইলফলক—যেমন জার্মানির লাইপজিগ শহরে সংগীতসাধক বেথোভেনের ২০০তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ ‘বেথোভেন উৎসব’।
এছাড়া সংস্কৃতিপ্রেমীদের জন্য এতে যুক্ত হয়েছে জাপানের ‘স্নো কান্ট্রি’ বা তুষারময় অঞ্চলের বিশেষ শিল্প উৎসব। তালিকায় জায়গা করে নিয়েছে এক সময়ের দুর্গম ও বিচ্ছিন্ন কিছু স্থানও, যেখানে এখন যোগাযোগের সুযোগ আগের চেয়ে অনেক সহজ।
বাল্টিমোর
বাল্টিমোর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বৃহত্তম ও প্রধান শহর। এটি পূর্ব উপকূলে চেস্পিক উপসাগরের কাছে পাটাপস্কো নদীর তীরে অবস্থিত। এ শহরের প্রধান আকর্ষণ ও দর্শনীয় স্থান হলো- ইনার হারবার, ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম, ফোর্ট ম্যাকহেনরি (যেখানে মার্কিন জাতীয় সংগীত রচিত হয়েছিল) ও ফেলস পয়েন্ট ঐতিহাসিক এলাকা। এই শহরের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হলো সেবা খাত, বন্দর কার্যক্রম এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা। বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল এই শহরেই অবস্থিত।
প্যাসিফিক কোস্ট হাইওয়ে
প্যাসিফিক কোস্ট হাইওয়ে হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিখ্যাত সমুদ্র উপকূলীয় মহাসড়ক। এটি আনুষ্ঠানিকভাবে ক্যালিফোর্নিয়া স্টেট রুট ১ নামে পরিচিত। ক্যালিফোর্নিয়ার অফিসিয়াল রুটটি ৬৫৬ মাইল হলেও, ওয়াশিংটন থেকে সান দিয়েগো পর্যন্ত এর প্রসারিত অংশ মিলিয়ে প্রায় ১,৬৫০ মাইল পর্যন্ত ধরা হয়। এটি সমুদ্রের ঢেউ, খাড়া পাহাড়, কুয়াশাচ্ছন্ন ক্লিফ এবং সৈকতের দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পুরো রাস্তাটি না থেমে পাড়ি দিতে প্রায় ৪০ ঘণ্টা বা তার বেশি সময় লাগে, তবে পর্যটকেরা সাধারণত থামতে থামতে বেশ কয়েক দিন ধরে এই রোড ট্রিপ উপভোগ করেন। আবহাওয়ার দিক থেকে বসন্তকাল থেকে শুরু করে শরতের শেষভাগ পর্যন্ত সময়টি গাড়ি চালানোর জন্য সেরা।

পুয়ের্তো রিকো
পুয়ের্তো রিকো হলো ক্যারিবিয়ান সাগরের বৃহত্তর অ্যান্টিলিস অঞ্চলের একটি দ্বীপ, যা রাজনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বশাসিত অঞ্চল বা কমনওয়েলথ। এর রাজধানী সান জুয়ান। ক্যারিবীয় সাগরের বুকে অবস্থিত মার্কিন দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোর দর্শনীয় স্থানগুলোর মধ্যে ওল্ড সান জুয়ান, এল ইয়ুনকে জাতীয় রেইনফরেস্ট এবং মশার কামড়ের মতো উজ্জ্বল বায়োলুমিনিসেন্ট বে অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও, এখানে ঐতিহাসিক দুর্গ, সবুজে ঘেরা রেইনফরেস্ট এবং মনোরম সমুদ্র সৈকত রয়েছে যা বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে।
গ্রেনাডা
গ্রেনাডা ক্যারিবীয় অঞ্চলের একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যা ওয়েস্ট ইন্ডিজের পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত। এটি ত্রিনিদাদ ও টোবাগোর উত্তরে এবং সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিনসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জায়ফল ও জয়ত্রি উৎপাদনের জন্য বিশ্বজুড়ে এটি মসলার দ্বীপ নামে পরিচিত। ইন্দোনেশিয়ার পর গ্রেনাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জায়ফল উৎপাদনকারী দেশ। গ্রেনাডার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে গ্রেন্ড আনসে বিচ, গ্র্যান্ড এতাং ন্যাশনাল পার্ক ও ক্রয়েটার লেক, আন্ডারওয়াটার স্কাল্পচার পার্ক, এবং ঐতিহাসিক ফোর্ট জর্জ। গ্রেনাডা ভ্রমণের সেরা সময় হলো জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এই সময়টি দ্বীপরাষ্ট্রটির শুষ্ক মৌসুম, যখন আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে, বৃষ্টিপাত কম হয় এবং সমুদ্রের পানি শান্ত থাকে।
সান্তান্ডার
এটি স্পেনের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সুন্দর উপকূলীয় বন্দর নগরী এবং কান্তাব্রিয়া অঞ্চলের রাজধানী। বিস্কে উপসাগরের তীরে অবস্থিত এই শহরটি তার চমৎকার সমুদ্রসৈকত, রাজকীয় স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। পর্যটন, মাছ ধরা এবং বন্দরভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি। চমৎকার সমুদ্রসৈকত ও ঐতিহাসিক স্থাপনার জন্য এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সান্তান্ডার ভ্রমণের সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর মাস। এই গ্রীষ্মকালীন সময়ে এখানকার আবহাওয়া সবচেয়ে মনোরম, শুষ্ক ও উষ্ণ থাকে, যা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো এবং শহরের বিভিন্ন উৎসব উপভোগ করার জন্য একদম উপযুক্ত।

কুয়েলাপ দুর্গ
কুয়েলাপ দুর্গ হলো উত্তর পেরুর আমাজনাস অঞ্চলের লুইয়া প্রদেশে অবস্থিত প্রাক-ইনকা আমলের একটি প্রাচীন ও সুবিশাল দুর্গ। এটি আন্দিজ পর্বতমালার প্রায় ৯,৮৪৩ ফুট (৩,০০০ মিটার) উঁচুতে একটি চুনাপাথরের পাহাড়ের চূড়ায় অবস্থিত। কুয়েলাপকে প্রায়ই উত্তরের মাচুপিচু বলা হয়ে থাকে। ২০১৭ সালে এখানে একটি আধুনিক ক্যাবল কার বস্থা চালু করা হয়, যা পর্যটকদের জন্য এই দুর্গম পাহাড়ে যাতায়াত অনেক সহজ করে দেয়. ২০২২ সালে এর একটি দেয়াল ধসে যাওয়ার কারণে এটি কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও, বর্তমানে সংস্কারের পর পর্যটকদের জন্য এটি আবার খুলে দেওয়া হয়েছে।
লুক্সর
লুক্সর মিশরের দক্ষিণভাগে নীল নদের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। একে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর বলা হয়। প্রাচীনকালে এটি 'থিবস' নামে পরিচিত ছিল এবং মিশরের প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ছিল। এখানে বিখ্যাত লুক্সর মন্দির, কার্নাক মন্দির ও লুক্সর জাদুঘর অবস্থিত। এখানে রাজাদের উপত্যকা, রানীদের উপত্যকা এবং হাটশেসুতের মন্দির রয়েছে। ঐতিহাসিক গুরুত্ব : ১৯৭৯ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
ন্যাশনাল জিওগ্রাফিক-এর সেরা বিশ্ব ২০২৭ তালিকায় স্থান পাওয়া দর্শনীয় স্থানগুলোর তালিকা :
(১) বাল্টিমোর, মেরিল্যান্ড
(২) প্যাসিফিক কোস্ট হাইওয়ে, ক্যালিফোর্নিয়া
(৩) হ্যালিফ্যাক্স, নোভা স্কোশিয়া
(৪) সাউদার্ন ওজার্কস, মিসৌরি এবং আরকানসাস*
(৫) পুয়ের্তো রিকো
(৬) গ্রেনাডা
(৭) কেপ ফ্রয়েড, চিলি
(৮) কুয়েলাপ, চাছাপোয়াস, পেরু
(৯) ডামফ্রিস ও গ্যালোওয়ে, স্কটল্যান্ড
(১০) লাইপৎসিশ, জার্মানি
(১১) নরম্যান্ডি, ফ্রান্স
(১২) সান্তান্দের, স্পেন
(১৩) ট্রান্সকককেশিয়ান ট্রেইল, আর্মেনিয়া
(১৪) ট্রিসিটি, পোল্যান্ড
(১৫) ভেস্টল্যান্ড, নরওয়ে
(১৬) লুক্সর, মিশর
(১৭) মালাউই
(১৮) চেংদু, চীন
(১৯) নিগিতা, জাপান
(২০) জয়পুর, ভারত
(২১) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
(২২) ম্যাডিসন, উইসকনসিন
(২৩) মায়া কা’ন, মেক্সিকো
(২৪) সালভাদর, বাইয়া, ব্রাজিল
(২৫) পেনাং, মালয়েশিয়া
আইজে
