আজ বৃহস্পতিবার এনসিপির পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ ও মুজিববাদের রাজনীতি আর দেখতে চায় না। কিন্তু ভারতের সেবাদাস ওই দালাল ও দোসররা চুপিসারে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।’ তিনি বলেন, ‘যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, ২০১৪, ১৮ ও ২৪ সালে রাতের ভোটে ডামি নির্বাচন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না।’
আখতার হোসেন বলেন, ‘সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। এই বাংলাদেশ সব দলমত-নির্বিশেষে সব জনগণের হবে।’
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের একজন সাধারণ মানুষকেও যেন হেনস্তা করা না হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেপ্তার করতে হবে।’
এর আগে বেলা ১টা ৩১ মিনিটে নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা খুলনা থেকে যশোর-মাগুরা হয়ে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান। বেলা ২টা ৫ মিনিটে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়। সেটি সভাস্থলে এসে পৌঁছায় বেলা ২টা ৩৪ মিনিটে। সভা শুরু হয় ২টা ৪২ মিনিটে। পথসভা শেষ করে বেলা ৩টা ২১ মিনিটে তাঁরা রাজবাড়ীর উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।
