Published on
:
2 min read
সমীর মণ্ডল, মেদিনীপুর
মাটি নিয়ে খেলতে খেলতে কখন যে শিল্পী হয়ে উঠেছে বছর পনেরোর সন্দীপন। কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই তৈরি করে ফেলেছে দুর্গাপ্রতিমা। প্রায় সাড়ে তিন ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেছে সে। কিশোরের এই সৃষ্টিতে মুগ্ধ প্রতিবেশীরা।
মেদিনীপুর শহরের উদয়পল্লীর বাসিন্দা সন্দীপন বিশ্বাস নবম শ্রেণির ছাত্র। বাবা স্বরূপ বিশ্বাস পুলিশকর্মী, মা পিঙ্কু বিশ্বাস গৃহবধূ। তাঁদের কথায়, ছোট থেকেই মাটির প্রতি অদ্ভুত টান ছেলের। অন্যদের মতো খেলনা নিয়ে খেলার বদলে মাটির নিয়ে খেলতে বেশি ভালোবাসে সে। কোনও প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই অপটু হাতে তৈরি করত ছোট ছোট পুতুল। খেলার ছলেই কখনও লক্ষ্মী, গণেশ, কালী প্রতিমা তৈরি করত সে। খেলার ছলে শুরু হওয়া সেই অভ্যাসই যে একদিন তাকে শিল্পী হিসেবে আলাদা পরিচিতি এনে দেবে, তা হয়তো ভাবেনি পরিবারের কেউই। আর এ বার মাত্র ১৫ বছর বয়সে নিজের হাতে প্রায় সাড়ে তিন ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সন্দীপন। কিশোরের এই সৃষ্টিতে মুগ্ধ পাড়ার লোকজন।
পরিবারের লোকজন জানিয়েছে, গত বছরও দুর্গা প্রতিমা তৈরির চেষ্টা করেছিল সন্দীপন। তবে সেই প্রতিমা খুব একটা নিখুঁত হয়নি। কিন্তু হাল ছাড়েনি সে। বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে কাজে নেমে পড়ে। আর এ বছর তারই ফল মিলেছে হাতে-কলমে। প্রায় সাড়ে তিন ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এই কিশোর। প্রতিমার গড়ন ও নির্মাণের নিপুণতা দেখে অবাক হচ্ছেন অনেকেই।
সন্দীপনের মা পিঙ্কু বলেন, 'গত বছর দুর্গা প্রতিমা তৈরির চেষ্টা করেছিল, কিন্তু তেমন ভালো হয়নি। এ বার অনেক বেশি নিখুঁতভাবে প্রতিমা তৈরি করেছে। ওর কাজ দেখে আমরা উৎসাহ দিতে শুরু করেছি। এ বছর ওর তৈরি প্রতিমা পুজো করা হচ্ছে।' বাবা স্বরূপের কথায়, 'নিজের আগ্রহেই কাজ করে যাচ্ছে। আমরা কখনও ওকে বাধা দিইনি। এখন অনেকেই বাড়িতে এসে প্রতিমা দেখে যাচ্ছেন, প্রশংসা করছেন। ওর কাজ দেখে আমাদেরও খুব ভালো লাগছে।' সন্দীপনের কথায়, 'প্রতিমা তৈরি করতে খুব ভালো লাগে। আরও সুন্দর ও নিখুঁতভাবে তৈরি করতে চাই।'
