ভূমি খাতে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রোববার রাজধানীর পুরানা পল্টনে নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, কর্মকর্তা-কর্মচারীদের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজকে উৎসাহ দেওয়া এবং অনিয়মের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জমির মালিকানা, হস্তান্তর ও লেনদেনের প্রক্রিয়া স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
পারিবারিক ভূমিবিরোধসহ বিভিন্ন সমস্যার সমাধানে আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বয়ংক্রিয় সেবা কার্যকর করা, দক্ষ জনবল এবং নাগরিকদের আস্থা অর্জনের বিষয়েও কথা বলেন। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
