মৌলভীবাজার২৪ ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে ১৫ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এতে মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমনকে আহ্বায়ক করা হয়েছে।
মৌলভীবাজার জেলা ও পৌর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এই পর্যবেক্ষণ কমিটি পরিচালিত হবে।
জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে গঠিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পর্যবেক্ষণ কমিটিগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে এই নতুন কমিটি। দুর্গাপূজা চলাকালীন পূজা মণ্ডপগুলোর নিরাপত্ত নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করাই এই কমিটির প্রধান উদ্দেশ্য।
এ বিষয়ে আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও নির্বিঘ্নে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে মৌলভীবাজার পৌর বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা বজায় রাখা হবে।
