‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সভায় বক্তব্য দেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মতিয়ার রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্যসচিব রোকন উদ দৌলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম ও রোস্তম আলী, এসকেন্দার আলী সাহানা, জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মুকুল, আবু তাহের ও আব্দুল হান্নান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম সতর্কবার্তা প্রচার, প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি পরিবার থেকেই শুরু করতে হবে, যাতে যেকোনো বিপর্যয়ের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
আলোচনা সভার আগে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মহড়ার আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান মহড়াটি পরিচালনা করেন। এতে দুর্যোগের সময় উদ্ধারকাজ পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাৎক্ষণিকভাবে করণীয় বিভিন্ন পদক্ষেপ হাতে-কলমে দেখানো হয়।
এই বাংলা/এমএস
