অস্ট্রেলিয়ান ব্যাটিং সুপারস্টার স্টিভ স্মিথ বুধবার আরেকটি মাইলফলকে পৌঁছালেন। তৃতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলিয়ে ১২তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের ক্লাবে তিনি।
গেবারহায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার। ৩৭ বছর বয়সী স্মিথ সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এই মাইলফলকে পৌঁছান। দুটি চারে সাজানো ছিল তার ৮৮ বলে ২৮ রানের ইনিংস। উইয়ান মুল্ডারের বলে থামেন তিনি।
স্মিথ ২২৬ ইনিংস খেলে ১১ হাজার রান করেছেন। পঞ্চম দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ২০৮ ইনিংসে এই রেকর্ডের মালিক, দুই নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ব্রায়ান লারা (২১৩)। পন্টিং (২২২) ও শচীন টেন্ডুলকারের (২২৩) পরেই তার অবস্থান। রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিস (দুজনেই ২৩৪) স্মিথের পেছনে পড়ে গেছেন।
স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলকে জায়গা করে নিয়েছেন সাবেক দুই অধিনায়ক রিকি পন্টিং ও অ্যালান বোর্ডার। ১৩৩৭৮ রান নিয়ে শীর্ষে পন্টিং, বোর্ডার তার ক্যারিয়ার শেষ করেছেন ১১১৭৪ রান করে।
স্মিথের ব্যক্তিগত অর্জনের দিনে অস্ট্রেলিয়া দুঃসহ দিন পার করেছেন। দক্ষিণ আফ্রিকার চারশ ছাড়ানো প্রথম ইনিংসের জবাবে ৯৯ রানে অলআউট হয়েছে তারা। মার্কো ইয়ানসেন পাঁচ উইকেট নিয়ে বোলিংয়ে নেতৃত্ব দেন। স্মিথেরটিসহ মুল্ডার দুটি উইকেট পান।
এফএইচএম
