ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সরাইল থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
এ সময় ওসির বিরুদ্ধে দুর্নীতি, মানুষের কাছ থেকে টাকা আদায়, ফোন না ধরার বিষয়ে অভিযোগ তোলেন রুমিন। পাশাপাশি 'ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে' কথা বলার বিষয়ে ওসিকে সতর্ক করেন তিনি। এ সময় রুমিন ফারহানার সঙ্গে অনেক কর্মী-সমর্থক ছিলো।
অন্যদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ তৈরির অভিযোগ তোলেন ওসি। পাশাপাশি ঘটনার ভিডিও করে রাখতে নির্দেশ দেন। এমপির সঙ্গে মামলার কোনো আসামী এসেছেন কিনা জানতে চান।
রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আমি মামলার আসামী। আমার বিরুদ্ধে ৮-১০টা মামলা আছে। এ সময় ওসিকে আওয়ামী চোর বলে বলতে শোনা যায়।
রুমিন ফারহানা থানায় অবস্থানকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
রুমিন ফারহানার অভিযোগ, ওসি তাঁর ফোন ধরেন না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ওসিকে সতর্ক করেন। কথোপকথনের সময় ওসির কথা বলার ধরন নিয়েও আপত্তি জানান তিনি। এছাড়া ওসির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তুলেন।
অন্যদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ তৈরির অভিযোগের প্রসঙ্গ আনেন ওসি। তর্কাতর্কির সময় বলতে শোনা যায়, ভিডিও করে রাখেন। মামলার আসামী আছে কিনা দেখেন।
ওসি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা দেওয়া হয়। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে লোকজনসহ এসে ওনি (এমপি) মব সৃষ্টির চেষ্টা করেছেন। কিছু লোকজনকে দিয়ে সাজানো কথা বলিয়েছেন।
রুমিন ফারহানা বলেন, ওনাকে (ওসি) আট-দশ বার ফোন দিলেও ধরেন না। ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এসব বিষয় জানতেই থানায় যাই।
