চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের প্রক্রিয়া ও এ-সংক্রান্ত অন্যান্য তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে সেটিকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
কমিটি জানায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সম্পৃক্ততা নেই। পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই না করে সেগুলো বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধও জানায় কমিটি।
গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
