চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পঞ্চগড়ের সীমান্তের পূজামণ্ডপে দিনারাত কড়া নিরাপত্তা জোরদার করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। রোববার (১৮ অক্টোবর) রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিকটিহাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শন করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
এসময় তিনি মন্দির কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বিজিবির পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। একইসঙ্গে পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির নিরাপত্তা জোরদার করার কথা বলেন তিনি। এছাড়া যেকোনো পরিস্থিতিতে কিংবা প্রয়োজনে বিজিবির দেয়া নম্বরে সহযোগিতা নেয়ার পরামর্শ দেন।
পরে তিনি তোড়িয়া ইউনিয়নের বারঘাটি দুর্গা মন্দির পরিদর্শন করে মন্দির কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বিজিবির পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মন্দির কমিটির সভাপতির হাতে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আপনারা জানেন বিজিবি সীমান্তের দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে। আমরা ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছি। পঞ্চগড়সহ সীমান্তের পূজামণ্ডপে আমরা নিছিদ্র নিরাপত্তা জোরদার করেছি। আমাদের টহলদল ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা শেষ অবধি আমরা পূজামণ্ডপে নিরাপত্তা দিয়ে যাব।
